
নিজস্ব প্রতিবেদক::
বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন স্থানীয় নবীন ও প্রবীণরা। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চিতলমারী উপজেলার অন্তর্গত পিরোজপুর-ঢাকা মহাসড়কের বাংলাবাজার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন— মোঃ আসাবুর রহমান, মোঃ আনিচুর রহমান, মোঃ নজরুল সরদার, মোঃ শুকুর আলী সরদার, মোঃ হেমায়েত খান ও মোঃ সেলিম শেখ প্রমুখ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলার ডোবাতলা গ্রামের মৃত মোঃ মোফাজ্জাল হোসেনের ছেলে শহীদুল ইসলাম আছাব (৬২) একজন ধর্মপ্রাণ, সমাজসেবক ও সজ্জন ব্যক্তি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তিভিত্তিক কন্ট্রোলার পদে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই সামাজিক সুনাম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পুরানবাড়ি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আকাশ মোল্লা একটি ফেসবুক আইডি থেকে ক্রমাগত মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।”
বক্তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধ এবং অভিযুক্ত আকাশ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই অপপ্রচার বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে মোঃ আকাশ মোল্লা বলেন, “ফেসবুকে আমি যে মন্তব্য করেছি, তা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তারা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আমি কখনোই আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন কিংবা কোনো প্রকার মাদকের সাথে জড়িত ছিলাম না।”