বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী মোট ১৫ হাজার ৬৭ জন শিশুকে বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হাম একটি মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুদের জন্য জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে। এ রোগে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এমনকি অন্ধত্বের মতো জটিলতা দেখা দিতে পারে। একইভাবে, রুবেলায় আক্রান্ত গর্ভবতী মায়ের সন্তান জন্মগত নানা ত্রুটি নিয়ে জন্মানোর আশঙ্কা থাকে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার এই টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. এম আর ফরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, চিতলমারী থানার এসআই সুজয় কুমার মল্লিক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি ও সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর এবং ফার্মাসিস্ট শিশির মজুমদার।
সভায় সভাপতির বক্তব্যে ডা. শর্মী রায় বলেন, কোনো শিশুকে টিকার বাইরে না রাখতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করছেন। তিনি আরও বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, টিকা নিতে শিশুর জন্মনিবন্ধন বা টিকাদান কার্ড বাধ্যতামূলক নয়। নির্ধারিত বয়সের যেকোনো শিশু কেন্দ্রে উপস্থিত হলেই টিকা পাবে। অসুস্থ শিশুদের ক্ষেত্রে সুস্থ হওয়ার পর টিকা প্রদান করা হবে। ইউএনও খাদিজা আক্তার সকলের সহযোগিতায় চিতলমারীকে হাম-রুবেলা মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।