বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামে কথিত সুদে কারবারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। জমি দখল, চেক-স্ট্যাম্প আটকে রাখা, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
রবিবার দুপুরে বারাশিয়া বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে অভিযুক্ত রোকসানা ও তার স্বামী কাকন ভুইয়ার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, আর্থিক সংকটে থাকা মানুষদের সহজ শর্তে টাকা দিলেও পরে অতিরিক্ত সুদ আদায় করা হয়। টাকা পরিশোধের পরও ফেরত দেওয়া হয় না চেক, স্ট্যাম্প কিংবা জমির কাগজ। কোথাও কোথাও ভয়ভীতি দেখিয়ে জমি লিখে নেওয়ারও অভিযোগ উঠেছে।
স্থানীয় আইউব আলী শেখ অভিযোগ করেন, দুই লাখ টাকা নেওয়ার পর দেড় লাখ টাকা পরিশোধ করলেও বাকি টাকার জন্য সময় চাওয়ায় তার আড়াই বিঘা জমি লিখে নেওয়া হয়েছে।
অন্য ভুক্তভোগীরাও জানান, তারা নেওয়া টাকার চেয়ে অনেক বেশি অর্থ পরিশোধ করেছেন। কিন্তু এখনো ফেরত পাননি গুরুত্বপূর্ণ কাগজপত্র। বরং বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষ সুদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।