শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

মো. একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মঞ্জুর মোর্শেদ স্বপন বর্তমান সময়ে স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় এক পরিচিত ও জনপ্রিয় নাম। তাঁর পিতা মরহুম মোসলেম আলী শেখ ছিলেন একজন নিষ্ঠাবান অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং মাতা রহিমা বেগম। উচ্চশিক্ষিত এই ব্যক্তিত্ব ব্যবসায়িক সফলতার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ দিন ধরে চিতলমারী উপজেলার দলীয় হাল শক্ত হাতে ধরে রেখেছেন। বাগেরহাট-১ আসন (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) এলাকার জনমানুষের জনপ্রিয় নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন ও তাঁর পরিবার সর্বদাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে জিয়া পরিবারের সাথে ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন এবং বর্তমানেও আছেন। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের মাঝে এক অনন্য জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে।
দলের কঠিন ও প্রতিকূল সময়েও চিতলমারী উপজেলা বিএনপির হাল ধরে রেখেছেন মঞ্জুর মোর্শেদ স্বপন। এলাকায় তাঁর অঘাত জনপ্রিয়তা রয়েছে। শুধু দলীয় কর্মকাণ্ডেই নয়, এলাকার যেকোনো অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তিনি সদা প্রস্তুত। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা, পবিত্র ঈদে উপহার সামগ্রী এবং তীব্র শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাঁর নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। চিতলমারী উপজেলার অসচ্ছল ও ত্যাগী নেতাকর্মীদের আর্থিক ও মানসিকভাবে যথাসাধ্য সহযোগিতা করে তিনি দলের ভেতরে ও বাইরে এক বিশ্বস্ত অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
নেতাকর্মীদের যেকোনো আপদে-বিপদে তিনি সবসময় অগ্রভাগে থাকেন।ঢাকার রাজপথের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ও অগ্রগামী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দলের ডাকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে তিনি রাজপথে বলিষ্ঠ অবদান রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিগত দিনের রাজনৈতিক সফরসঙ্গী(ভ্যানগার্ড) হিসেবেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক ক্যারিয়ারে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি বর্তমানে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে জেলা ও উপজেলার রাজনীতিকে সুসংগঠিত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। উচ্চশিক্ষা, রাজনৈতিক দূরদর্শিতা, জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা এবং মানবকল্যাণের এক অনন্য সমন্বয় মঞ্জুর মোর্শেদ স্বপন। বাগেরহাট-১ আসনের সাধারণ মানুষের মুখে মুখে আজ তাঁর উদারতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা।