বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এরই অংশ হিসেবে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ বুধবার বিকেলে ব্যাপক গণসংযোগ করেছেন। বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।পলাশ শেখ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগে তিনি বলেন, নির্বাচিত হলে সরকারি কোনো ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না। জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন বলেও ঘোষণা দেন তিনি। পলাশ আরও বলেন, তিনি চিতলমারীকে একটি মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। গরিব, দুঃখী ও মেহনতি মানুষের জন্য নিরাপদ সমাজ গঠনই হবে তার মূল লক্ষ্য।
গণসংযোগ চলাকালে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক সাধারণ মানুষ তাকে ঘিরে সমর্থন জানান এবং পরিবর্তনের প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় উপজেলার সাধারণ মানুষের সঙ্গে জননেতা পলাশ শেখ আলিঙ্গন করেন।
উপজেলার শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও জনবান্ধব বার্তার কারণে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন জননেতা পলাশ শেখ।