বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

মো: রসেলশেখ (বিশেষ প্রতিবেদক):
বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব ঠান্ডু।
অনুষ্ঠানের শুরুতে মহান জুলাই-আগস্ট আন্দোলনের বীর শহীদ, চিতলমারীর কৃতি সন্তান শহীদ সাব্বির মল্লিক ও শহীদ জসিম ফকিরের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে আন্দোলনে দেশজুড়ে সকল শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: একরামুল হক মুন্সী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: শিপন আহম্মেদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও মো: বাদশা মুন্সী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: জবরুল শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নিয়ামত আলী খান, ওলামা দলের সভাপতি মো: ইয়াসিন আলী ফকির এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো: লিমন বিশ্বাস ইউনুস।
তৃণমূল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আব্দুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো: লাভলু শেখসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সাথে দলীয় প্রতিটি কর্মকাণ্ডে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।