শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
“সাক্ষরতা অর্জন করি, দক্ষতা ও জ্ঞান দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাব সভপতি একরামুল হক মুন্সী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবীর ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং একটি উন্নত ও সচেতন সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। শুধু পড়তে ও লিখতে পারাই সাক্ষরতার লক্ষ্য নয়; বরং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই সাক্ষরতার মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য নিরক্ষরতা দূর করার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও প্রাপ্তবয়স্কদের শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাক্ষরতার প্রসার ঘটলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজে সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে।
আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের আহ্বান জানানো হয়।