
নিজস্ব প্রতিবেদক::
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে কিশোরী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, একটি মেয়ের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হলে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখা এবং মেয়েদের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কিশোরীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি খুলনা বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা শিক্ষা কর্মকর্তা (ডিও) মো. সাদেকুল ইসলাম এবং বিআরডিবি বাগেরহাটের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুর রহমান, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শিপন মুন্সী এবং প্রধান শিক্ষক নিখিল রঞ্জন হাজরা, সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সবশেষে শিক্ষার্থীদের মাঝে উপহার ও চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান খান পিকলু।