শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
হাসিখুশি আর খেলাধুলায় মেতে থাকার বয়সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাত বছরের শিশু আনাবিয়া। বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের মো. সোহেল শেখ ও প্রিয়া আক্তারের কন্যা আনাবিয়া দেড় বছর ধরে ‘সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’ (ব্লাড ক্যান্সারজাতীয় জটিল রক্তরোগ) রোগে আক্রান্ত। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা থমকে গেছে।
শরীরে পর্যাপ্ত রক্তকণিকা ও প্লাটিলেট তৈরি না হওয়ায় প্রায়ই আনাবিয়ার প্লাটিলেট ১-২ হাজারে নেমে আসে এবং দাঁত ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত তাকে শতাধিক বার রক্ত দিতে হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনাবিয়াকে সুস্থ করতে দ্রুত বিদেশে নিয়ে ‘বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যার জন্য প্রয়োজন ৪০ লাখ টাকা।
আনাবিয়ার মা প্রিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে মেয়ের চিকিৎসার খরচ চালিয়ে আসছিলেন তার খালা লাইজু আক্তার রিয়া। এখন পরিবারটি পুরোপুরি নিঃস্ব। খালা লাইজু আক্তার বলেন, “আনাবিয়াকে আমি সন্তানের মতো ভালোবাসি। ও বাঁচতে চায়, খেলতে ও স্কুলে যেতে চায়। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই।”
অকালে যেন এই ফুটন্ত গোলাপ ঝরে না যায়, সেজন্য পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও দেশ-বিদেশের হৃদয়বান বিত্তবানদের কাছে জরুরি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ:01402188483 ব্যাংক: লাইজু আক্তার, হিসাব নং-2223708638001 সিটি ব্যাংক পিএলসি, মগবাজার শাখা, ঢাকা। যোগাযোগ:01314071504 ।