বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :

গোপালগঞ্জে চরম জনদুর্ভোগ: পাঁচটি ট্রেন ও দুই থানা বন্ধ: আটকে গেল উন্নয়ন বরাদ্দ

রিপোর্টারের নাম / ৩৪ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক:

সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার জেরে গোপালগঞ্জের প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে স্থগিত করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন বরাদ্দ।

আটকে গেল তৃতীয় কিস্তির অর্থ
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের জন্য নির্ধারিত উন্নয়ন বরাদ্দের তৃতীয় কিস্তি ছাড় করা হচ্ছে না। এ সিদ্ধান্তের ফলে জেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর চলমান উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

থানা ও রেল যোগাযোগ চালুর অনিশ্চয়তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার সংস্কারকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত সেবা চালুর দাবি জানালেও অবকাঠামোগত প্রস্তুতির অভাবে তা এখনই সম্ভব হচ্ছে না। বর্তমানে ওই দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ সদস্যরা জেলায় কর্মরত থাকলেও থানা দুটি কবে সচল হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত জেলার ট্রেন যোগাযোগও বন্ধ থাকছে বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সরকারের অবস্থান ও ঘটনার নেপথ্য
ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভবিষ্যতে কোনো কর্মসূচিতে বলপ্রয়োগ বা মারণাস্ত্র ব্যবহার না করার নীতিগত অবস্থানে অনড় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। ওই দিন টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা, পুলিশের সাঁজোয়া যান এবং বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার জেরে গোপালগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা ও প্রশাসনিক সেবায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় জেলার পাঁচটি ট্রেন ও পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভোগান্তিতে যাত্রী ও সেবাপ্রার্থীরা
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর থেকে জেলার সঙ্গে অন্য জেলাগুলোর রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বন্ধ থাকা পাঁচটি ট্রেন হলো—‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ‘অভিযাত্রী কমিউটার’, ‘রূপসী বাংলা’, ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’। ঢাকা, রাজশাহী, খুলনা ও বেনাপোল রুটের এসব ট্রেন বন্ধ থাকায় সাশ্রয়ী ও দ্রুত যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ যাত্রীরা।

অন্যদিকে, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে সেখানকার পুলিশি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা করতে গিয়ে বিপাকে পড়ছেন এলাকাবাসী।

সহিংসতা ও শঙ্কা কাটেনি
সর্বশেষ ২৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর আশঙ্কা, আগামী মাসে সংগঠনটির একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের পক্ষ থেকে ট্রেন চালুর দাবি জানানো হলেও নিরাপত্তাঝুঁকির কারণে এখনই তা চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন ও থানাগুলোর কার্যক্রম সচল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *