বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি যশোর জেলার মনিরামপুর উপজেলার ক্ষিদির দাসের ছেলে। তার বাবা পেশাগত কারণে চিতলমারীর নালুয়া বাজারের পাশে একটি ভাড়া বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে দৌড়ে বড়গুনি এলাকার একটি মাছের ঘেরের দিকে চলে যায়। পরে বিকেল ৫টার দিকে স্থানীয়রা ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।