মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। হাতের নাগালে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক পাওয়ায় কিশোর ও যুবসমাজ দ্রুত আসক্ত হয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা, বাড়ছে পারিবারিক অশান্তি। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাই ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে।
স্থানীয়রা জানান, চিতলমারী একটি শান্তিপ্রিয় ও কৃষিপ্রধান এলাকা হলেও বর্তমানে গ্রাম-গঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা হলেই বসছে মাদকের আসর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের আটক করলেও জামিনে বেরিয়ে তারা আবারও একই অপরাধে লিপ্ত হচ্ছে। মাদকের এই ভয়াবহতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
নাম প্রকাশ না করার শর্তে এক ভ্যানচালক জানান, মাদক সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। কয়েকদিন আগে তার ভ্যানটি চুরি হয়েছে। তার দাবি—উপজেলার দুর্গাপুর, উমাজুড়ি, শিবপুর, গরীবপুর, পাঁচপাড়া ও শ্যামপাড়াসহ উপজেলাজুড়ে অসংখ্য মাদকের স্পট রয়েছে, সন্ধ্যা হলেই প্রকাশ্যে কেনাবেচা চলে।
মাদকের এমন ভয়াবহ রূপের শিকার শ্যামপাড়া গ্রামের এক গৃহবধূ। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, স্বামী মাদকাসক্ত হওয়ায় তার সংসার এখন ধ্বংসের মুখে। তিন সন্তান নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এমনকি মাদকের টাকা জোগাতে তার স্বামী ঘরের মূল্যবান জিনিসপত্র ও মেয়ের স্বর্ণের দুল পর্যন্ত বিক্রি করে দিয়েছেন।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, মাদক নির্মূলে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান চলছে। তবে মাদকাসক্তদের পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরাতে এখন বহুমাত্রিক ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, শুধু প্রশাসনের একার পক্ষে মাদক রোধ করা সম্ভব নয়। যুবসমাজকে রক্ষা করতে মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।